প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 17, 2026 ইং
দীর্ঘ বছর পর উন্মুক্ত হলো ইউসুফপুর গ্রামের বন্ধ রাস্তা, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক অবশেষে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বহু বছর ধরে ম্যাপে থাকা এই রাস্তাটি বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। অবশেষে এলাকাবাসীর দাবি ও আবেদনের পরিপ্রেক্ষিতে মহিপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তাটি দখলমুক্ত করা হয়।
রবিবার সকালে মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজীর নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রাস্তাটি উন্মুক্ত করা হয়। এ সময় এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ আঃ বারেক হাওলাদার, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির মুসল্লী, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাইল হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার ভদ্র, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তৈয়ব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার বলেন, দীর্ঘদিনের একটি জনদুর্ভোগের অবসান হয়েছে। সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তাটি উন্মুক্ত করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জনগণের স্বার্থে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় নেতৃবৃন্দরা বলেন,এই উদ্যোগের ফলে গ্রামের মানুষের দৈনন্দিন চলাচল সহজ হবে এবং সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
দীর্ঘ বছর ধরে রাস্তা বন্ধ থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও সাধারণ মানুষকে বিকল্প এবং দুর্গম পথ ব্যবহার করতে হতো। বিশেষ করে বর্ষাকালে চলাচলে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যেত। অনেক সময় রোগী পরিবহনেও ভোগান্তির সৃষ্টি হতো।
রাস্তাটি পুনরায় উন্মুক্ত হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক সন্তোষ দেখা গেছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের আশা, ভবিষ্যতে যেন আর কোনো প্রভাবশালী মহল জনগণের চলাচলের পথ দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিরা কার্যকর ভূমিকা রাখবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কুয়াকাটা আপডেট